
চট্টগ্রাম বন্দরে আরও চারটি নতুন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এর আগেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সৌদি একটি কোম্পানির পরিচালনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, বিদেশি অপারেটর নিয়োগের ফলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সূত্র জানায়, বিদেশি অপারেটরের অধীনে পরিচালনার জন্য টার্মিনালগুলো হচ্ছে: কনটেইনার টার্মিনাল-১ ও ২ (বে টার্মিনাল), লালদিয়ার চর প্রকল্প, এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ড। এ টার্মিনালগুলোর মধ্যে সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি (PSA) এবং দুবাইয়ের ডিপিওয়ার্ল্ড (Dubai Port Authority) সুনির্দিষ্ট টার্মিনাল পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। লালদিয়ার চর প্রকল্পের জন্য ডেনমার্কের সঙ্গে আলোচনা চলছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মিটিংয়ের কার্যবিবরণী অনুযায়ী, এই টার্মিনালগুলো বাস্তবায়নের কাজ জিটুজি পিপিপি (সরকার-টু-সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে এগিয়ে চলছে। বর্তমানে ফিজিবিলিটি স্টাডি চলছে এবং কিছু প্রকল্পের অগ্রগতি ইতিমধ্যেই অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছেছে।
বন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়নে বিদেশি অপারেটরের সঙ্গে কাজ চলবে এবং সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা























