
বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
দেশের উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) এ নির্দেশনা দেয়।
ইউজিসি’র সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে একই দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিক ইন্সটিটিউট অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও আগামী বৃহস্পতিবার(১৮ জুলাই)-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
তবে এখনো প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।























