
দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাহী আদেশের মাধ্যমে এই সংসদ বিলুপ্ত করা হয়। এর আগে দুপুর তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
ছাত্র-জনতার আন্দোলনের চাপে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর মাধ্যমে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।























