
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার এই শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নতুন প্রশাসনকে সমর্থন জানিয়ে দেশের উন্নয়ন প্রচেষ্টায় তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার পাঠানো এই চিঠিতে আচিম স্টেইনার বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। দেশের এই সংকটময় সময়ে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণে বর্তমান প্রশাসনের অগ্রাধিকারমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়নে ইউএনডিপি তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবে। আমরা আমাদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টেইনার আরও বলেন, “একটি শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়তে আপনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে—এমন প্রত্যাশা আমাদের। বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।”
ইউএনডিপির প্রশাসক উল্লেখ করেন, বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে তাদের দল যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর চারদিন পর, ৮ আগস্ট রাতে, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।























