
বন্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
মির্জা ফখরুল বলেন, এই বছর প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুধুমাত্র দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি আরো বলেন, বিএনপি কোনো ধরনের অপকর্ম করে না, এবং যারা ব্যক্তিগতভাবে কোনো অপকর্মে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে ৫৬-৫৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মহাসচিব আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, ঢালাওভাবে মামলা দায়ের না করে, এগুলো যাচাই-বাছাই করে নেওয়া উচিত, কোন মামলাগুলো গ্রহণযোগ্য আর কোনগুলো নয়।























