
মাত্র দুই মাসের মাথায় আবারও হত্যাচেষ্টার শিকার হলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকানপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার ওপর হামলার চেষ্টা হয়েছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত তার ব্যক্তিগত গলফ ক্লাবে।
রোববার দুপুরে ওই ঘটনার সময় ট্রাম্প গলফ খেলছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি এবং দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে যুক্ত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামের এক ব্যক্তি আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওই ব্যক্তি গলফ মাঠের পার্শ্ববর্তী ঝোপে ১২ ঘণ্টা ধরে লুকিয়ে ছিলেন এবং তার কাছ থেকে একটি একে-৪৭ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হত্যাচেষ্টার পরিকল্পনা
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ১২ ঘণ্টা ধরে ওত পেতে ছিল ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনায়। ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর গলফ মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান। এরপর নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীর দিকে গুলি চালায়, তবে বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার গাড়ির লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখা হয় এবং সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় বন্দুকধারীর কাছ থেকে একটি একে-৪৭ সদৃশ আগ্নেয়াস্ত্র, গোপ্রো ক্যামেরা এবং পিঠে নেওয়ার দু’টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও তদন্ত করছে। কর্মকর্তারা ধারণা করছেন এটি ট্রাম্পের বিরুদ্ধে একটি গুপ্ত হত্যার পরিকল্পনা ছিল।
ঘটনার পরপরই ট্রাম্পের পরিবার এবং নির্বাচনী শিবির থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক হামলার চেষ্টা হয়েছে, এবং এর ফলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।























