Google search engine

মির্জা ফখরুল: আওয়ামী লীগের মতো করলে আমাদেরও একই দশা হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আয়োজিত জনসভায় বলেন, “আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখতে হবে যে দিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারব, ততদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারব?” উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে, তিনি বলেন, “তাদের মতো আচরণ করলে আমাদের দশাও হবে একই রকম।”

মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাদের উচিত নিজেদের মানুষের কাছে প্রিয় বানানো, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি হওয়া। কারো ওপর অন্যায় অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না।” তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার অত্যাচারের বর্ণনা দিয়ে বলেন, “গত ১৫-১৬ বছরে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনার সরকারের হাতে অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে।”

ফখরুল আরও বলেন, “প্রয়াত জামায়াত নেতা গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আযমীকে আট বছর ধরে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। অনেক নেতাকর্মীকে এই আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আজও অনেক নেতাকর্মীর কোনো খবর নেই। ১২ বছর আগে নিখোঁজ হওয়া ইলিয়াস আলীর কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তার স্ত্রী সন্তানরা জানে না যে তার মৃত্যু দিবস পালন করবে শহিদ হিসেবে, না আল্লাহ তাকে জীবিত ফিরিয়ে দেবে।”

বিএনপির মহাসচিব আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার দেশের অনেক গুণী মানুষকে আয়নাঘরে নির্যাতনের শিকার করেছে। বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয়েছে।”

তিনি পবিত্র কুরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, “আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা রাস্তার ফকির বানিয়ে দেন। আজ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, আর যেসব নেতারা আমাদের দমন করতেন, তারাই আজ জেলের ভেতরে বন্দি।”

ওবায়দুল কাদের প্রসঙ্গে ফখরুল বলেন, “কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব? আপনি কোথায় আছেন? আমি আপনাকে বলতে চাই, আমার বাসায় আসেন।”

আওয়ামী লীগ সরকারের পতন সম্পর্কে ফখরুল বলেন, “ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার প্রায় দুই হাজার মানুষকে খুন করেছে, যারা বেশিরভাগই শিক্ষার্থী ছিল। তাদের অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে আমাদের অবস্থাও তাদের মতোই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest