
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক বছরের মধ্যে মার্কিন স্পন্সরদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া কয়েক লাখ অভিবাসীর আইনি বৈধতা বা অস্থায়ী মানবিক এন্ট্রি কর্মসূচি নবায়ন করবে না বাইডেন প্রশাসন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর হতে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আকাশপথে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে যায় আর তারা সেখানে ওই ‘প্যারোল’ কর্মসূচির অধীনে দুই বছরের জন্য বৈধতা পায় কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই বৈধতার মেয়াদ শেষ হতে শুরু করবে।
তবে এই অভিবাসীদের অনেকে অন্য কর্মসূচিগুলোর অধীনে দেশটিতে থাকতে পারবেন বলে জানা গেছে।
ওই প্যারোল কর্মসূচি বিদ্যমান মার্কিন স্পন্সরদের মাধ্যমে আসা অভিবাসীদের মানবিক কারণে বা তাদের আগমন একটি ‘উল্লেখযোগ্য সরকারি সুবিধা’ হিসেবে গণ্য হলে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। যারা বিদেশ থেকে আবেদন করবে এই কর্মসূচি সেগুলো গ্রহণ করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি।























