
পর্যটকদের জন্য বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরের একটি তালিকা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস।
এই তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
গত ১১ জুলাই প্রকাশিত তালিকাটিতে তিনটি ঝুঁকিপূর্ণ শহরকে হাইলাইট করেছেন ফোর্বস উপদেষ্টারা।
মূলত সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। এগুলোর মধ্যে রয়েছে অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।
তালিকা অনুযায়ী, পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হলো ভেনেজুয়েলার কারাকাস যার স্কোর রেটিং ১০০ তে ১০০। তালিকাটিতে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর হিসেবে স্থান পেয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১০০ তে ৯৩.১২। তাছাড়া মিয়ানমারের ইয়াঙ্গুন ১০০ তে ৯১.৬৭ স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে।
এ তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে নাইজেরিয়ার লাগোস ও ফিলিপাইনের ম্যানিলা। এরপরই ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার স্কোর ৮৯.৫০।
তাছাড়া ঝুঁকিপূর্ণ শহরের এই তালিকায় কলম্বিয়ার রাজধানী বোগোতা রয়েছে ৭ম, মিশরের রাজধানী কায়রো ৮ম, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ৯ম এবং ইকুয়েডরের রাজধানী কিটো ১০ম স্থানে।

অন্যদিকে, পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের এই তালিকায় ০ স্কোর নিয়ে সিঙ্গাপুর প্রথম, ১০.৭২ স্কোর নিয়ে জাপানের রাজধানী টোকিও দ্বিতীয় এবং ১৩.৬ স্কোর নিয়ে কানাডার টরন্টো তৃতীয় স্থান অধিকার করেছে।
এছাড়া নিরাপদ শহরের তালিকায় চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার সিডনি, সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।























