
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরে প্রবেশ করেন। দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন।

গতকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গিয়েছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। সকাল সাড়ে ১০টার দিকে আদালত ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরেও বিপুল জমায়েত করেন।























