
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও সংঘর্ষে হত্যাকাণ্ড এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে আজ (২ আগস্ট) উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। হাজারো মানুষ শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়।

বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি পল্টন, প্রেসক্লাব এবং মৎস্য ভবন হয়ে শাহবাগে এসে জড়ো হয়। শাহবাগ থেকে মিছিলটি জাতীয় জাদুঘর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যেতে চাইলে শাহবাগ থানার পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশের সাথে কয়েকজন আন্দোলনকারীর ধস্তাধস্তি হয়।

আন্দোলনকারীরা এ সময় রাস্তায় সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেন এবং ছাত্র হত্যার বিচার দাবি করেন। শাহবাগ মোড়ে ১০ থেকে ১৫ মিনিট স্লোগান দেয়ার পর মিছিলটি আবার প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমের দিকে ফিরে যায়।
এছাড়া, বৃষ্টিতে ভিজে ঢাকার উত্তরা ও আফতাবনগরে আজ সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেন। উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীদের অনেকেই স্কুলের ইউনিফর্ম পরিহিত ছিলেন।

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন এবং বৃষ্টিতে ভিজে রামপুরা ব্রিজ পেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশ করেন। মিছিলের সামনে ও পেছনে ছিল পুলিশ। সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে ঘিরে সংঘাতে হতাহতের ঘটনার বিচার দাবি করেন এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির জন্য স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গায়েবানা জানাযা ও গণমিছিল করেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কর্মসূচি পালন করেন। মিছিলটি নর্থ সাউথের ২ নম্বর গেট থেকে বসুন্ধরা বি ব্লক এবং এআইইউবি প্রদক্ষিণ করে পুনরায় ২ নম্বর গেটে শেষ হয়। এর আগে শিক্ষার্থীরা গায়েবানা জানাযা পড়েন। এ সময় শিক্ষার্থীরা বলেন, “আন্দোলন আমাদের মৌলিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের বাধা দিচ্ছে এবং গুলি চালাচ্ছে। আমরা বিচারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছি।”

শিক্ষার্থীদের সঙ্গে এই সময় কয়েকজন শিক্ষক ও অভিভাবক একাত্মতা প্রকাশ করে গণমিছিলে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে নর্থ সাউথের সামনে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকতে থাকেন।
গতকাল বৃহস্পতিবার চলমান আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।























