
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে তিনি এ আহ্বান জানান।
মাত্র দু’দিন আগে তার মা আর রাজনীতিতে ফিরবেন না বলে বার্তা দেওয়ার পর জয় এখন বলেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না।
গত সোমবার (৫ আগস্ট) গণআন্দোলন ও জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সেদিনই হাসিনা’র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি আর রাজনীতিতে ফিরবেন না।
জয় ওই ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে।”
আরও পড়ুন: গণভবনে শেখ হাসিনার শেষ প্রচেষ্টা
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ: ছাত্র-জনতার উল্লাস
আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় মন্তব্য করে জয় বলেন, “আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে শেষ করা সম্ভব নয়।”
নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ব্যাপক সহিংসতায় রূপ নিলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।























